
নিজস্ব প্রতিবেদক
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সরকারকে বিপদে ফেলতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে সার সংকট। কৃষিভিত্তিক এই দেশটির অর্থনীতিকে বেকায়দায় ফেলতে এ ধরনের কাজে একটি রাজনৈতিক দল লিপ্ত বলে মনে করা হচ্ছে। সার নিয়ে সমস্যার খবর পাওয়া যাচ্ছে মূলত দেশের ১৫ জেলায়। এসব অঞ্চলে কৃষক চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না; কিন্তু অনেকের কাছে অস্বাভাবিক মজুত মিলছে। এ সুযোগে বাড়তি দামে সার বিক্রি হচ্ছে কালোবাজারে।
জানা গেছে, সার নিয়ে সংকট তৈরি হওয়া জেলার সিংহভাগই দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকা। যেসব এলাকায় সমস্যা হচ্ছে, ওইসব এলাকায় জামায়াতসহ বিরোধী দলের আধিপত্য রয়েছে। সার সংকটের পেছনে তাদের ‘বিশেষ রাজনীতি’ দেখছেন অনেকে।
কৃষিমন্ত্রী আমিনুর রশিদও অন্যান্য কয়েকটি কারণের সঙ্গে দুষ্টচক্র কাজ করছে বলে মনে করছেন। এদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলীয় লোকজনকে ডিলার নিয়োগ ও সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতা সার সংকটের জন্য দায়ী। সরকার অবশ্য রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের পাশাপাশি সীমান্ত দিয়ে পাচার, দুষ্টচক্রের কারসাজি এবং অবৈধ মজুতদারীকেও এক্ষেত্রে বড় কারণ বলছে।
কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউরিয়া, টিএসপিসহ সবধরনের সারের চাহিদা ৫৮ লাখ মেট্রিক টন। সে হিসাবে ছয় মাসের চাহিদা দাঁড়ায় ২৯ লাখ টন সারের। বিপরীতে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ টন সার বিতরণই করা হয়েছে। এ ছাড়া সরকারি বেসরকারি মিলিয়ে আরও ১৮ লাখ টন সার মজুত রয়েছে। সবমিলিয়ে অর্থবছরের ছয় মাসের চাহিদার চেয়ে সারের মজুদ ১৬ লাখ টন বেশি। সরকার বলছে সারের সরবরাহ ও মজুদে কোনো সমস্যা নেই।
মজুত পরিস্থিতি: কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে চার ধরনের সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮.০৫ লাখ মেট্রিক টন। এর বিপরীতে ২৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে সারের মজুত দাঁড়িয়েছে ১৮.১০৪ লাখ মেট্রিক টন, যা আগের (২০২৫-২৬) অর্থবছরের ১৪.৭৯১ লাখ মেট্রিক টনের মজুতের চেয়ে বেশি। অর্থবছরের শুরুতে (প্রারম্ভিক মজুত) সারের পরিমাণ ছিল ১৭.৬৭৪ লাখ মেট্রিক টন।
দেশের বিভিন্ন প্রকার সারের মধ্যে ইউরিয়ার বার্ষিক চাহিদা ২৬.২০ লাখ মেট্রিক টন। প্রারম্ভিক মজুত ছিল ৬.১৪২ লাখ টন, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৭.০৬৫ লাখ মেট্রিক টনে। ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৪.৮০৬ লাখ টন।
টিএসপির বার্ষিক চাহিদা ৭.৫০ লাখ মেট্রিক টন। প্রারম্ভিক মজুত ছিল ৪.০৯৫ লাখ টন এবং বর্তমানে মজুত রয়েছে ৩.৮১৬ লাখ মেট্রিক টন (আগের অর্থবছরে ছিল ১.৮১৪ লাখ টন)।
ডিএপির বার্ষিক চাহিদা ১৪.৮৫ লাখ মেট্রিক টন। প্রারম্ভিক মজুত ৪.৫৮৮ লাখ টন থাকলেও বর্তমানে মজুত কমে দাঁড়িয়েছে ৩.৭৪৫ লাখ মেট্রিক টনে (আগের অর্থবছরে ছিল ৪.২৪ লাখ টন)।
এমওপির বার্ষিক চাহিদা ৯.৫০ লাখ মেট্রিক টন। প্রারম্ভিক মজুত ২.৮৪৯ লাখ টন থেকে বেড়ে বর্তমানে মজুত রয়েছে ৩.৪৭৮ লাখ মেট্রিক টনে, আগের অর্থবছরে ছিল ৩.৯৩১ লাখ টন।
এই মজুতের বাইরে গত ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার ধরনের সার মিলিয়ে ২৬.৮৪৩ লাখ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ১০.৬৬৫ লাখ মেট্রিক টন, ডিএপি ৭.০৪৮ লাখ মেট্রিক টন, এমওপি ৫.০৯৬ লাখ মেট্রিক টন ও টিএসপি ৪.০৩৪ লাখ মেট্রিক টন।
বিতরণ কার্যক্রমে বিসিআইসি, বিএডিসি ও বেসরকারি পর্যায় যুক্ত রয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত বিএডিসির মাধ্যমে ১৪.০১৩ লাখ টন, বিসিআইসির মাধ্যমে ১০.৮৯৫ লাখ টন এবং বেসরকারি খাতের মাধ্যমে ১.৯৩৫ লাখ টন সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ডিসেম্বর ২০২৬ মাসের জন্য ৮.৩২৫ লাখ মেট্রিক টন সার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৩.০৫৩ লাখ টন, ডিএপি ২.৫৭ লাখ টন, এমওপি ১.৫২৩ লাখ টন এবং টিএসপি ১.১৮ লাখ টন। ডিসেম্বর মাসে বিএডিসির বরাদ্দ ৩.৯৩৯ লাখ টন, বিসিআইসির ৩.০৫৩ লাখ টন এবং বেসরকারি পর্যায়ের বরাদ্দ ১.৩৩৩ লাখ টন।
সারের এই পরিসংখ্যান বলছে বার্ষিক চাহিদার তুলনায় বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ইউরিয়ার বর্তমান মজুত ৭ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়া এবং ডিসেম্বরে ৩.০৫৩ লাখ টন বরাদ্দ থাকায় তাৎক্ষণিক সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা কম।
সমস্যা ১৫ জেলায়: লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলাকে সার নিয়ে সমস্যাগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করেছে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমস্যাগ্রস্ত এ ১৫ জেলায় ৬৬ সংসদ সদস্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকেই নির্বাচিত হয়েছেন ৪১ জন। বাকিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রয়েছে ২২ জন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ জন ও স্বতন্ত্র থেকে ১ জন।
এই পরিসংখ্যান বলছে, সীমান্ত অধ্যুষিত ১৫ জেলার অধিকাংশ আসনেই বিরোধী দলের আধিপত্য। অনেকের ধারণা, এসব জেলার সার নিয়ে বিশেষ রাজনীতি করা হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে তৈরি করা হচ্ছে কৃত্রিম সমস্যা। সরকারের পক্ষ থেকে অবশ্য সরাসরি জামায়াতে ইসলামী বা বিরোধী দলের নাম বলা হচ্ছে না। তারা বলছে, কিছু দুষ্টু লোক এ সমস্যার জন্য দায়ী।
এদিকে বিরোধী দলের স্থানীয় সংসদ সদস্যরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের পক্ষ থেকে এ ধরণের মনোভাব প্রচার করা হতে পারে। তাদের দাবি, এসব এলাকায় সমস্যা হওয়ার পেছনে সরকারদলীয় লোকজনকে ডিলার নিয়োগ এবং অব্যবস্থাপনা এ দুটি বিষয় বড় কারণ। এসব সাংসদের অভিযোগ, দলীয় লোকজন ডিলার হওয়ায় সারের সরবরাহ বাড়ছে না। এ কারণে কৃষককে কালোবাজার থেকে সার কিনতে হচ্ছে।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলম (ব্যারিস্টার মাহবুব সালেহী) কালবেলাকে বলেন, সরকারের ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় সারের সমস্যা তৈরি হয়েছে। এটা সরকারকেই সমাধান করতে হবে। আমরা বলছি যে, ডিলার পদ্ধতিটি তুলে মাঠ পর্যায়ে সার এভেলেবল করে দেওয়া হোক। একই সঙ্গে সার কতটুকু মজুত আছে তা দোকানে ডিসপ্লে করার ব্যবস্থা করা হোক। তাহলে সমস্যা থাকবে না। এখানে টোটাল বর্থতা সরকারের। এ ব্যর্থতা ঢাকতে কেউ কেউ জামায়াত বা বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
মাহবুব সালেহী বলেন, সারের সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে সরকার ও সরকারি লোকজন। সরকারদলীয় লোকজন সংকট তৈরির সঙ্গে সম্পৃক্ত। সংশ্লিষ্ট মন্ত্রী বা মন্ত্রণালয় ফাংশন করতে ব্যর্থ হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনি এলাকায় মানুষ আমাদের কাছে অভিযোগ করে। লোকজন সার পাচ্ছে না, ধান পাচ্ছে না। সব কালোবাজারে চলে গেছে। জনপ্রতিনিধি হিসেবে এসব সমস্যা কেন হচ্ছে দেখার রাইট আমাদের রয়েছে; কিন্তু সারের যে উপদেষ্টা কমিটি রয়েছে সেখান থেকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা সমস্যা হলে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করি, মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি। এর বাইরে কিছু করতে পারি না। সরকার প্রোপার সিস্টেম ডেভলাপ করে এবং আমাদের সহযোগিতা চাইলে আমরা পাশে থেকে এটা সমাধান করার চেষ্টা করব।
যা বলছেন মন্ত্রী: কিছু জেলায় সার সংকটের জন্য বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন। কালবেলাকে তিনি বলেন, আপনারা ইতোমধ্যে পত্রপত্রিকা ও বিভিন্ন প্রতিবেদনে দেখেছেন যে, যেসব এলাকায় সারের সংকটের কথা বলা হচ্ছে, সেখানে প্রশাসন খোঁজখবর নিয়ে অভিযান চালিয়েছে। অভিযানে দেখা গেছে, যাদের কাছে সার থাকার কথা নয়, তারা বিভিন্ন গোলাঘর বা গরুর ঘরে সার মজুত করে রেখেছিল। এসব অনিয়ম উদ্ঘাটিত হয়েছে, এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।
মন্ত্রী বলেন, মূলত যে সংকটের কথা দেখানো হচ্ছে, তা নন-ইউরিয়া সারকে কেন্দ্র করে। আমাদের দেশের যেসব সীমান্তবর্তী এলাকার ওপারে নন-ইউরিয়া সারের দাম তুলনামূলক বেশি। ওইসব দেশে সরকার ভর্তুকি কম দেয়, আর আমরা কৃষকদের স্বার্থে অনেক বেশি ভর্তুকি দিচ্ছি বলে আমাদের দেশে দাম কম। এই মূল্যপার্থক্যের সুযোগে নন-ইউরিয়া সার সীমান্তের ওপারে পাচার হওয়ার প্রবণতা রয়েছে। পাচারের সময় বিজিবি বেশ কয়েকবার সারের এমন চালান আটক করেছে।
মন্ত্রী দাবি করেছেন, কিছু অসাধু বা দুষ্ট লোক অতি লোভের বশে কিংবা সরকারকে বেকায়দায় ফেলে একটি অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। তিনি বলেন, কৃষির সঙ্গে দেশের বিশাল জনগোষ্ঠী জড়িত এবং সার একটি অত্যাবশ্যকীয় পণ্য; এখানে কৃত্রিম সংকট তৈরি করতে পারলে সহজে অস্থিরতা সৃষ্টি করা যায় বলে কেউ কেউ মনে করে। তবে স্পষ্টভাবে বলতে চাই—দেশে সারের কোনো ঘাটতি নেই। গতবারের তুলনায় সারের মজুত প্রায় ৮ লাখ টন বেশি রয়েছে। তাই সারের সংকট হওয়ার ১ শতাংশও আশঙ্কা নেই। বিতরণ ব্যবস্থাতেও কোনো সমস্যা নেই।
কৃষি মন্ত্রী বলেন, সার নিয়ে দেশজুড়ে বড় সমস্যা নেই; কেবল রাজশাহী, নাটোর ও পাবনাসহ সীমিত কয়েকটি এলাকায় কিছু সমস্যা দেখা গেছে। ওইসব এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কোনো কোনো ডিলার নির্ধারিত বরাদ্দ থাকা সত্ত্বেও মৌসুমে সার উঠায়নি। জেলা প্রশাসক ও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে—কোনো ডিলার কোনো লটের সার না উঠালে তার ডিলারশিপ বাতিল বা রিপ্লেস করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি এবং বিএডিসিসহ স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কৃষকদের সচেতন করা হচ্ছে এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।
কৃষি মন্ত্রী মনে করেন, যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারা যত চেষ্টাই করুক, কোনো লাভ হবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং সব দ্রুত ও সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com