মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সরকারি খাদ্যগুদামের জেটি দখল করে রাতের আঁধারে একাধিক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই অবৈধ স্থাপনার সামনে প্রভাবশালী কিছু ব্যক্তির উপস্থিতিতে নির্মাণকাজ চলতে দেখা গেছে। এর আগে সোমবার গভীর রাতে বড় ব্রিজ সংলগ্ন খাদ্যগুদামের সামনের জমি দখল করে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়।
দীর্ঘদিন ধরে এই স্থানটি খাদ্যগুদামের চাল ও ধান লোড-আনলোডের জেটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে সেখানে দোকান নির্মাণ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে রাতের আঁধারে জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের প্রশ্ন, প্রশাসনের নজরদারির মধ্যেই কীভাবে এমন দখল সম্ভব হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করেন, হাসান আকন, শাহাদাত, খান এমাদুল, বাবুল (ব্যাংক বাবুল) এবং তার ছেলে রকি এই দখল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, প্রতিটি দোকানঘর প্রায় ৫ লাখ টাকার বিনিময়ে দখল দিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সোহাগ বাদশা বলেন, “সকালে এসে দেখি খাদ্যগুদামের সামনে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমিটি খাদ্যগুদামের কাজে ব্যবহৃত হয়ে আসছে। এটি দখল হয়ে গেলে সরকারি কার্যক্রম ব্যাহত হবে।”
খাদ্যগুদাম সংলগ্ন ব্যবসায়ী শাহাদাত ফিটার জানান, “রাত ১২টার পর এসব ঘর তোলা হয়েছে। কাছেই পুলিশ ফাঁড়ি রয়েছে, তাদের নজর এড়িয়ে এমন কাজ কীভাবে হলো তা খতিয়ে দেখা দরকার।”
এলাকাবাসীর আশঙ্কা, জায়গাটি দখল হয়ে গেলে ভবিষ্যতে খাদ্যগুদামের চাল ও ধান পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে, যা জনস্বার্থে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
তাদের দাবি, সরকারি এই জমি দ্রুত দখলমুক্ত করে আগের মতো খাদ্যগুদামের কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।
এ বিষয়ে জেলা প্রশাসক মিস্ তাছলিমা আক্তার বলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি দায়িত্বে ফিরলে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় এবং গুরুত্বপূর্ণ এই সরকারি জায়গাটি দখলমুক্ত করা সম্ভব হয় কি না।
মোঃ শাহজালাল
বরগুনা।।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com