বরগুনা প্রতিনিধি//
সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসানকে আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে স্বজনদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভাত খেতে দেখা গেছে এ সময় কোর্ট পরিদর্শক বশিরুল আলম ও উপস্থিত ছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার ঝড় উঠে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে। ভিডিওতে দেখা যায়, কোর্ট পুলিশের একটি বিছানায় বসে থাকা অবস্থায় আরিফ উল হাসানের পাশে কোর্ট পরিদর্শক বশির আলমও উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতি ও আসামিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে বরগুনা জেলা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, কোর্ট পরিদর্শক বশির আলমের বিরুদ্ধে আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২২ সালে তিনি বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে আলোচনায় আসেন। তখন ৯৯৯-এ অভিযোগ জানানো হলে তিনি ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ফেরত দেন। এরপর তাকে বামনা থানা থেকে বদলি করা হয়।
সরকার পরিবর্তনের পরও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতারা। তাদের অভিযোগ, বশির আলম এখনো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সহযোগিতা করে যাচ্ছেন।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সদর উপজেলা সদস্য সচিব মো. রাকিব বলেন, সরকার পরিবর্তনের পরও কিছু প্রভাবশালী পুলিশ কর্মকর্তা দলীয় পরিচয়ে বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছেন। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ঘটনার বিষয়ে কোর্ট পরিদর্শক বশির আলম মন্তব্য করতে রাজি হননি।
বরগুনা জেলা পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, “ঘটনাটি আমার দায়িত্ব গ্রহণের আগের। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত একজন আসামিকে পুলিশ ব্যারাকে বসিয়ে আদর-যত্নে খাওয়ানোর কোনো সুযোগ নেই। এটি দায়িত্বে অবহেলা এবং আইন ও শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com