
মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পূর্বধলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বধলা উপজেলার দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কের লাল মিয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে পিকআপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে একটি চক্র এই মাদক পরিবহন করছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদেরকে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com