
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার স্কুল, মাঠ ও বাজার এলাকায় এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। এরআগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার এই আদেশ জারি করেন।
পরে এই আদেশের পরিপ্রেক্ষিতে পৌর এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, 'জারিকৃত পত্র অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, ফরিদপুর-১ আসনে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রুপিং চলে আসছে। এই গ্রুপিংয়ের জের ধরেই আলফাডাঙ্গায় দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়। শনিবার বিকেলে পৌরসদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে খন্দকার নাসিরুল ইসলাম অনুসারী উপজেলা ও পৌর বিএনপি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করেন। অন্যদিকে একই দিনে বিকেল ৩টায় পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করবেন। গত ৭ নভেম্বর বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা মিনহাজুর রহমান লিপনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে কোন ধরনের আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে।
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা চলাকালীন সময়ে উল্লিখিত এলাকায় পাঁচ (৫) বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একইসঙ্গে এই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহনসহ প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইউএনও রাসেল ইকবাল তার ক্ষমতাবলে জনস্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য এই আদেশ জারি করেছেন। তিনি স্থানীয় জনসাধারণকে আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসন সতর্ক করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com