ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধাসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা মোছা. খোদেজা খাতুন (৬৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষের লোকজন দা, লাঠি ও লোহার রডসহ তার বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা খোদেজা খাতুন, তার মেয়ে চম্পা আক্তার (২৫) এবং নাতি কাজল মিয়া (১৮)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে স্থানীয়রা আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ও বারান্দা ভাঙচুর করে এবং আঙিনায় থাকা কাঁঠাল ও সুপারি গাছ কেটে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তারা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বিল্লাল হোসেন (৩৫), শাকিব হোসেন (২৫), শামীম হোসেন (২৭) ও শফিকুল ইসলাম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী খোদেজা খাতুন জানান, “আমাদের উপর পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


