ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি আব্দুস সাত্তার মণ্ডল (৭০)। বর্তমানে তিনি ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পলাশতলী এলাকায়।
এ ঘটনায় আহতের পুত্রবধূ মাজেদা খাতুন ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুস সাত্তারের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক তার জমিতে গাছ রোপণ করতে গেলে সাত্তার মণ্ডল বাধা দেন। এ সময় সিদ্দিক হাতে থাকা লোহার শাবল দিয়ে সাত্তারের মাথা ও শরীরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সিদ্দিকের সঙ্গে তার ছোট ভাই ওমর ফারুকও যোগ দেয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে—আইনের আশ্রয় নিলে ভুক্তভোগীকে গুম করে ফেলা হবে। তারা এলাকায় উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত হওয়ায় স্থানীয়রা ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না।
আহতের নাতি জামাই আবু নাঈম জানান, “আমি পাশেই কাজ করছিলাম। হঠাৎ দেখি একজন পড়ে গেছে। কিন্তু আশেপাশের লোকজন কেউ এগিয়ে আসছে না। পরে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তার চিকিৎসা চলছে। বিষয়টি পারিবারিক বিরোধ হওয়ায় মীমাংসাই উত্তম।”
স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ বলেন, “জমি সংক্রান্ত বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।"
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com