মোঃ শাহজালাল, বরগুনা।।
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
রবিবার (২৮ জুন) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের সুফল গ্রহণের পরামর্শ দেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, বরগুনার প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, কৃষি ও ফল উৎপাদনের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা কৃষকদের উদ্দেশে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রবীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ এবং ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর ফল খাওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুধীজন, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় নানা জাতের মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবা ও কার্যক্রম প্রদর্শন করা হয়।
দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখে ফল চাষ, সংরক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন।
আয়োজকরা জানান, এ ধরনের ফল মেলা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
মোঃ শাহজালাল
বরগুনা।।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com