মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।
বরগুনায় নিখোঁজের তিন দিন পর শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার পা বাঁধা ও বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) দুপুর ৩টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমড়াঝুড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ। তিনি জানান, নিহত শিপন হাওলাদার ওই গ্রামের বাসিন্দা মো. সোহরাব হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে শিপন হাওলাদার বাড়ি থেকে বের হয়। এরপর আর তিনি ঘরে ফেরেননি। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এর আগেও শিপন প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন।
সোমবার দুপুরে নিজ বসতঘরের দক্ষিণ পাশের একটি ডোবার মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্যে পা বাধা অবস্থায় শিপনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে শিপন নামে এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ পাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধারের সময় পা বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ মেরে মরদেহ ফেলে গিয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ শাহজালাল
বরগুনা প্রতিনিধি।।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com