মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মশাল মিছিল করেছেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা প্রদর্শন, পটকা বিস্ফোরণ, সড়কে গাছ ও ইট ফেলে যান চলাচলে বাধা এবং পুলিশের একটি পিকআপে লাঠিপেটার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বরগুনা পৌর শহরে মিছিলটি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মিছিলকারীরা।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর এবং আওয়ামী যুবলীগের সহ-সভাপতি চৌধুরী ইকবাল হোসেন, মোজাম্মেল হক, রাজিব হাওলাদার, ইমাম হাসান শিপন ও রোকনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন বলে জানা গেছে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। এ সময় কয়েকটি পটকা বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বরগুনা-চালিতাতলী সড়কে গাছ ও ইট ফেলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা পুলিশের একটি পিকআপেও লাঠিপেটা করেন।
খবর পেয়ে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সরে যান। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতারা। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সানাউল্লাহ সানি বলেন, কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।
এ বিষয়ে বক্তব্য জানতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে বক্তব্য দেবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com