মোঃ শাহজালাল, বরগুনা।।
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি এমপি। উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সকলে মৌলভীবাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একযোগে ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ভার্চুয়াল অনুষ্ঠান অবলোকন করেন।
বেতাগী উপজেলায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, শাহ মো. রফিকুল ইসলাম এবং বেতাগী পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজ এবং বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে এবং পরিবারভিত্তিক কল্যাণ কার্যক্রমকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিকল্পিত সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।
মোঃ শাহজালাল
বরগুনা।।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com