বাউফল (পটুয়াখালী) মোঃ রুবেল হোসেন
পটুয়াখালী বাউফলে বিপুল ভোটে বিজয়ের পর উপজেলার ঐতিহাসিক পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। চারদিকে ছিল উৎসবের আমেজ, কৃতজ্ঞতা আর নতুন প্রত্যয়ের উচ্চারণ।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“আমি আপনাদের সেবক; আর প্রকৃত এমপি হলেন বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার স্বপ্নকে ভোট দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”
বাউফলবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও আপনারা বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”
অপপ্রচারের বিরুদ্ধে সতর্কবার্তা
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।
ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ঘোষণা দেন ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ ৯০ দিনের মধ্যে দুর্নীতিবিরোধী দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।তিনি জানান, ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান তিনি বলেন,
“সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়— হুতুম পেঁচা যেন বাগান নষ্ট করতে না পারে; তেমনি বাউফলবাসীকেও মালীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।


