বরগুনা প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজের আয়োজন করেছে বরগুনা জেলা কারাগার। শুক্রবার (২৬জুন)সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বরগুনা জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন।
ম্যাচে জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত আর্জেন্টিনা ও ব্রাজিল দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আর্জেন্টিনা ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর্জেন্টিনা দলের কারারক্ষী রাসেল দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ ব্রাজিল দলের হাতে সান্ত্বনা ট্রফি তুলে দেন জেল সুপার মোঃ আনোয়ার হোসেন। একই সঙ্গে উভয় দলের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে জেলার আমিনুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এটি এন নিউজের বরগুনা জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুম বিল্লাহসহ জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেল সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, "কারারক্ষীরা সার্বক্ষণিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। দায়িত্বের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করে। ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।"
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এ প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com