
অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়া গৌর মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও নানা উন্নয়নমূলক ঘোষণা দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ।
বক্তব্যে তিনি দেশের অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সম্প্রীতি এবং বর্তমান সরকারের নানা সহযোগিতার কথা তুলে ধরেন। সুরঞ্জন ঘোষ তাঁর বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় বা সংকীর্তনের উৎসব নয়, এটি আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। এখানে হিন্দু ভাইয়েরা যেমন অংশ নিয়েছেন, তেমনি মুসলিম ভাইয়েরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। এই দৃশ্যই আমাদের প্রকৃত বাংলাদেশের রূপ।
তিনি আরও বলেন, এই বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়; আমরা সবাই সমান অধিকার নিয়ে বসবাসকারী বাংলাদেশি নাগরিক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাস করে আমরা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। এসময় তিনি ভারতের প্রসঙ্গ টেনে বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব করতে চায়, এ দেশের জনগণের সাথে নয়।
পূজা-পার্বণে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে বেশ কিছু সুনির্দিষ্ট ঘোষণা দেন। এছাড়া গত দুর্গাপূজায় মন্দিরের উন্নয়নের জন্য ঘোষিত ১ লক্ষ টাকার অনুদান প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে খুব শীঘ্রই পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
ইকরদিয়া গৌর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই নামযজ্ঞানুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান ও নাম সংকীর্তনের পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com