সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) | ৩ মে, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) সকালে উপজেলার মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ‘বাঁকা খাল’ (কুচখালী খাল) খনন কর্মসূচির এই আনুষ্ঠানিক সূচনা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী জলাশয় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, ইজিপিপি প্রকল্পের মাধ্যমে তা আজ দৃশ্যমান। এই খালটি খনন করা হলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা ও জলাবদ্ধতা দূর হবে এবং গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিদুল ইসলাম।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইজিপিপি কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণে এই খনন কাজ সম্পন্ন হবে, যা একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া এই ‘কুচখালী খাল’ বা বাঁকা খালটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে ছিল। খনন কাজ শেষ হলে অত্র অঞ্চলের কয়েক হাজার একর কৃষি জমি সরাসরি উপকৃত হবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com