এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ০১নং ওয়ার্ডে প্রতিবেশীর বিরুদ্ধে নিজ বাড়িতে আগুন লাগিয়ে অন্যের নামে মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
অভিযোগকারী মোঃ আনোয়ার হোসেন রানা (৩৯) থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোছাঃ শাহানাজ পারভীন (৫৫) দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন। তিনি দাবি করেন, অভিযুক্তের স্বামী না থাকায় তিনি অনৈতিক কার্যকলাপে জড়িত আছেন—এমন অভিযোগ তুলে এলাকার কয়েকজন বাসিন্দা তাকে বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীসহ স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ০২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময়ে অভিযুক্ত নিজ বাড়িতে নিজেই অগ্নিসংযোগ করে অভিযোগকারীসহ এলাকাবাসীর নামে মামলা করবেন বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ আতাউর রহমান (৫০) ও মোছাঃ সাজেদা বেগম (৪৫)সহ আরও কয়েকজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ ২০/২৫ জন এলাকাবাসী থানায় এসে আনোয়ার হোসেন রানা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


