এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে জামতলা মোড়ে চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তার গোডাউন থেকে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, জব্দকৃত চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com