বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
মাগুরা জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং মানব উন্নয়ন সূচক বৃদ্ধির লক্ষ্যে মাগুরাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি ড. মো: আলী আফজাল।
তিনি বলেন, “বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে মাগুরাবাসীকে একসাথে কাজ করতে হবে। একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”
ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ) ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির লক্ষ্য—দেশ-বিদেশে বসবাসরত মাগুরাবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরি করে জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত মাগুরা ১৯৮৪ সালে বৃহত্তর যশোর জেলা থেকে পৃথক হয়ে চারটি উপজেলা নিয়ে যাত্রা শুরু করে। ৪১ বছরে অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতিতে কিছু অগ্রগতি হলেও এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা।
১৯৯৮ সালে বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা হিসেবে স্বীকৃতি পাওয়া মাগুরা বর্তমানে শিক্ষার হার মাত্র ৪৫ শতাংশে নেমে এসেছে, যা জেলার জন্য উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার হার না বাড়লে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
ড. আলী আফজাল বলেন, একটি জেলার উন্নয়ন পরিমাপের অন্যতম সূচক হলো মানব উন্নয়ন সূচক (HDI), যেখানে জীবনযাত্রার মান, শিক্ষা ও মাথাপিছু আয় বিবেচনা করা হয়। বর্তমানে মাগুরার HDI ০.৬২২, যেখানে জাতীয় গড় ০.৬৮৫। এই ব্যবধান দূর করতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, “মাগুরার উন্নয়নে প্রবাসী ও ঢাকায় বসবাসরত নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। সকলকে একই প্ল্যাটফর্মে এনে পরিকল্পিতভাবে কাজ করতে পারলেই এই জেলার অবস্থার পরিবর্তন সম্ভব।”
ঢাকাস্থ মাগুরা ফোরাম ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানিয়ে তিনি সকল মাগুরাবাসীকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।
শেষ কথা, জেলার উন্নয়ন আর কেবল সরকারের উপর নির্ভরশীল নয়—সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে মাগুরাকে এগিয়ে নিতে।


