মো: সিপাউর রহমান চৌ: কুলাউড়া,মৌলভীবাজার।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ করে জাতীয়তাবাদী ছাত্রদলের দক্ষ ও শিক্ষিত নেতাকর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আতিক। রবিবার (২৬ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান
স্ট্যাটাসে আতিকুর রহমান আতিক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিলো প্রান্তিক ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চেয়েছেন। তাই এ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বও দলের তৃণমূল নেতাকর্মীদের হাতে দেওয়া হলে তা সরকারের জন্য ইতিবাচক হবে।
আতিক অভিযোগ করেন, ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে সরকারের এই মহৎ উদ্যোগকে বিতর্কিত করার সুযোগ তৈরি হতে পারে। একটি গোষ্ঠী শুরু থেকেই ফ্যামিলি কার্ডের বিরোধিতা করে আসছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের দক্ষ ও শিক্ষিত নেতাকর্মীদের হাতে দেওয়া হলে প্রকৃত সুবিধাভোগীদের তথ্য সঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদলের জনশক্তিকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে তিনি ইন্টারভিউ প্রক্রিয়া বাতিলের বিষয়টি বিবেচনার দাবি জানান।
ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ের কাজ ছাত্রদলের হাতে চান কুলাউড়া পৌর আহবায়ক
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com