রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে নীলফামারীতে জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুবাশ্বিরা আমাতুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খান।
এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com