
এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার//
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড় থেকে একের পর এক গ্রুপ আটক করা হচ্ছে, তারপরও থেমে নেই পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখার ঘটনা, এরই ধারাবাহিকতায় আট রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃতরা হলো—শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫) ও মো. নুর কামাল (১০)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুদের উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং পাচারকারীদের ধরতে তৎপরতা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com