
জেলা প্রতিনিধি কক্সবাজার
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি সন্দেহ জনক কার্গো বোটসহ পাঁচজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার ১০ ই নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দেশের সীমান্ত ও জলপথে চোরাচালান রোধে কোস্ট গার্ড নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউট পোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সেখানে সন্দেহভাজন একটি কার্গো বোটকে গতি রোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে বোটের ভেতর থেকে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে গোপনে বহন করা ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা।
পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বিপুল পরিমাণ সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সমুদ্রপথ ও নদীপথে এ ধরনের চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com