
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে গত দুই দিনের টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ও পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে চলতি মৌসুমে ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত দুই দিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঠিক এমন সময়ে এই বৃষ্টি শুরু হয়, যখন উপজেলার বিভিন্ন মাঠে পাকা আমন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় চলছিল।
শনিবার ২১ নভেম্বর সকালে উপজেলার সিরাজকাঠি গ্রামে গিয়ে দেখা যায়, কেটে রাখা প্রচুর ধান পানির ওপর ভাসছে। অনেক স্থানে পাকা ও কাটা ধান পানিতে ডুবে ও হেলে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সিরাজকাঠি গ্রামের কৃষক রহিম মোল্যা বলেন, রোদ দেখে ধান কেটেছিলাম। পরে দেখি দুইদিন বৃষ্টি হবে। আমার অনেক ধান এখন মাঠে পানিতে ভিজতেছে। আগাম আবহাওয়ার খবর পেলে হয়তো ধান কাটতাম না।
এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির প্রতিবেদন অনুযায়ী, অভয়নগরে মোট ১ হাজার ১৭০ হেক্টর আবাদকৃত জমির মধ্যে ৪৮৫ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে সরিষার আবাদকৃত ৭৫০ হেক্টরের মধ্যে ৪৫০ হেক্টর, সবজির ৪১০ হেক্টরের মধ্যে ২২ হেক্টর, পেঁয়াজের ৫ হেক্টরের মধ্যে ২ হেক্টর এবং মসুরের ৫ হেক্টরের মধ্যে ১ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অভয়নগরের সব ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ধানের পাশাপাশি নিচু জমিতে আবাদ করা শীতকালীন শাকসবজি ও অন্যান্য রবি ফসলও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দ্রুত পানি নিষ্কাশন না হলে এবং রোদ না উঠলে ভেজা ধানে অঙ্কুরোদগমসহ নানা সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। সব মিলিয়ে অসময়ের এই টানা বৃষ্টিতে বড় ধরনের লোকসানের মুখে পড়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন অভয়নগরের কৃষকেরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com