নিজস্ব প্রতিবেদক
যশোরে আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্বজনেরা। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগী ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর চাঁচড়ায় অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। মৃত ইমরান হোসেন (২৮) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় বৃহস্পতিবার বিকেলে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে একের পর এক ইনজেকশন দেওয়া হয়। তবে অক্সিজেন দেওয়ার পরিবর্তে ইনজেকশন প্রয়োগের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন দাবি করেন, প্রথম ইনজেকশনের পর থেকেই ইমরান অস্বস্তি অনুভব করেন এবং পরবর্তী ইনজেকশন না দেওয়ার অনুরোধ জানান। দ্বিতীয় ইনজেকশনের পর তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। পরে আরও একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।
এ ঘটনায় নিহতের পিতা শওকত আলী বিশ্বাস যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা দাবি করেন।
তবে হাসপাতালের পরিচালক ডা. ইমদাদ হোসেন চিকিৎসায় কোনো গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী রোগীকে জরুরি বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন।
এদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com