নিজস্ব প্রতিবেদক
যশোরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (২৫ মে) যশোর রেল স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মুরগির দোকান, কাঁচাবাজার, ফলের দোকান ও মসলার দোকানে তদারকি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ব্যবসায়ীদের কাছে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মসলার ক্রয় মেমো ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে দোকানে গিয়ে বিভিন্ন পণ্যের মূল্য জিজ্ঞাসা করেন এবং কোনোভাবেই অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে সাব্বির স্টোরকে ১ হাজার টাকা এবং লাভলু শেখের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ছিল ২ হাজার টাকা। অভিযানকালে ব্যবসায়ীদের প্রতিদিন হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারের চলাচলের পথে কোনো পণ্য বা মালামাল না রাখার জন্যও সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান জানান, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, আজকের জরিমানাগুলো প্রাথমিকভাবে সতর্কতামূলক হিসেবে করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধ পুনরায় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে বলে তিনি সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com