নিজস্ব প্রতিবেদক
যশোরে ২ হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর ও কল্যাণ সুবিধা বাবদ মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে দেশব্যাপী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়, যেখানে গড়ে প্রতি সুবিধাভোগী পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া, অবসর তহবিল থেকে ৯৬৬ জন শিক্ষক-কর্মচারীকে দেওয়া হয়েছে ৪৩ কোটি ৪৭ লাখ টাকা; এ খাতে প্রত্যেক সুবিধাভোগী পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। দীর্ঘ প্রতীক্ষিত এ অর্থ হাতে পেয়ে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন


