নিজস্ব প্রতিবেদক
যশোর আইটি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি শপ 'চালডাল ডটকম এর কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন কয়েকশ কর্মী। সোমবার (২ মার্চ ) বেতন বঞ্চনা ও কর্তৃপক্ষের দমনমূলক আচরণের প্রতিবাদে প্রতিষ্ঠানটির অফিস ঘেরাও করে রাখেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে কর্তৃপক্ষ হঠাৎ 'সাধারণ ছুটি' ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সোমবার সকালে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া কর্মচারীদের ওপর হামলা ও ধাক্কাধাক্কি করা হয়। এতে শাকিল (২১) নামে এক অনলাইন এজেন্ট আহত হয়েছেন। তিনি তালবাড়িয়া শান্তির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত শাকিলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
বিক্ষুব্ধ কর্মচারীরা জানায় গত প্রায় চার মাস ধরে অন্তত ৬০০ জন কর্মী কোনো বেতন পাননি। বকেয়া আদায়ের দাবিতে রোববার রাত থেকেই নাইট শিফটের কর্মীরা অফিসে অবস্থান নেন। সোমবার সকালে ইভেনিং শিফটের কর্মীরাও এতে যোগ দেন। দীর্ঘ সময় পার হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনায় বসেননি। উল্টো হঠাৎ করে সাধারণ ছুটির নোটিশ টাঙিয়ে দিয়ে আন্দোলনকে উসকে দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তারা সামনে না এসে নিজস্ব কিছু লোক ব্যবহার করে আন্দোলনকারীদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছেন। বর্তমানে কর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে অফিস ভবনের ১২ তলায় অবস্থান করছেন। তারা বলেন, চার মাস ধরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ন্যায্য বেতন চাইতেই আমাদের ওপর হামলা করা হচ্ছে।
এ বিষয়ে চালডাল ডটকমের উপ-পরিচালক আজিজুর রহমান জিকো দাবি করেন, ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, কোম্পানির ফান্ডে সাময়িক সমস্যা রয়েছে। নতুন সরকার আসছে, দ্রুত ফান্ড সমস্যার সমাধান হলেই বকেয়া বেতন পরিশোধ করা হবে।
তবে কর্তৃপক্ষের এই দাবি প্রত্যাখ্যান করে কর্মীরা জানিয়েছেন, বাস্তবে তারা দীর্ঘদিন কোনো বেতন পাননি এবং কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর আইটি পার্ক এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের স্পষ্ট ঘোষণা—দ্রুত বকেয়া পরিশোধ, হামলার নিরপেক্ষ তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com