নিজস্ব প্রতিবেদক
এফসিপিএস (FCPS) প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর-এর প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলো হলো— এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, চিকিৎসকদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতা প্রদান করা।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা: মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা: মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা: আফিদা ইয়াসমিন।
সমাবেশ থেকে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ ঘোষণা দেন, তাঁদের উত্থাপিত যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই আকস্মিক কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com