নিজস্ব প্রতিবেদক
আগামী ২৭ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। এই লক্ষ্যকে সামনে রেখে।
শনিবার (১১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের অবকাঠামো, চলমান কাজের অগ্রগতি এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালটি একটি ৫০০ শয্যার হাসপাতাল, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬৭৬ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় বহুতল হাসপাতাল ভবনের পাশাপাশি আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ ও এইচডিইউ সুবিধা, জরুরি বিভাগ ও বহির্বিভাগ (ওপিডি), বিশেষায়িত বিভিন্ন বিভাগ এবং উন্নত ডায়াগনস্টিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, নার্সিং কলেজ, ছাত্র-ছাত্রীদের হোস্টেল এবং অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় সকল সহায়ক স্থাপনা নির্মাণ করা হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। অনুষ্ঠান পরিচালনা, নিরাপত্তা, অতিথি অভ্যর্থনা এবং সার্বিক সমন্বয় বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com