নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে।
গ্ৰেফতারকৃত হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল হক (৪৫) ও যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।
শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ভ ১১-১৩৯১) বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টিম ঝুমঝুমপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে সড়কে ব্যারিকেড স্থাপন করে।
সকালে সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিজিবি জানায়, জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধারকৃত বারগুলো খাঁটি সোনা। এসব সোনার মোট ওজন ৬ কেজি ৪১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।
এ সময় গ্ৰেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
বিজিবির দাবি, গ্ৰেফতার দুই ব্যক্তি সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com