
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৬৯ লক্ষ টাকার একটি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। আটককৃত ইমরান হোসেন সাতক্ষীরা জেলার সতর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। স্বর্ণের বার সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি’র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ইমরান হোসেন (৪২)কে আটক করা হয়। ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com