মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পার্বত্য জেলা কমিটির উদ্যোগে শহরের ভেদভেদী এলাকায় বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলার কারণে রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও স্থানীয়রা নিয়মিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন। তিনি বলেন, “কাপ্তাইয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, তার পুরোটা চলে যায় জাতীয় গ্রিডে। অথচ রাঙামাটির মানুষ চরম বৈষম্যের শিকার হয়ে বিদ্যুৎ সংকটে ভুগছে। লোডশেডিংয়ের সময়সূচি কমপক্ষে এক মাস আগে প্রকাশ করতে হবে।
লাইনম্যানদের ‘চা-নাস্তা’ খরচের নামে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করতে হবে। বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের জরুরি টেলিফোন সেবা সবসময় সচল রাখতে হবে। নির্বাহী প্রকৌশলী নিজের মোবাইল ফোন বন্ধ না রাখার জন্য নির্দেশনা দিতে হবে।
জাতীয় ইস্যুতেও প্রতিবাদ মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। নির্মল বড়ুয়া মিলন বলেন, এটি পরিকল্পিত আক্রমণ। যারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, তারা এই ঘটনায় জড়িত থাকতে পারে।”তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com