বালিয়াকান্দি//
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) বিকেল সাড়ে ৩টায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাজারে এলাকার সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহ জাহান মিয়া, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও যুবদল নেতা মোঃ সবুজ।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ আলিবদ্দীন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবিবর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, জামালপুর ইউনিয়ন বর্তমানে মাদকে সয়লাব হয়ে গেছে।
প্রায় ৮ মাস আগে বিলমাগুরা গ্রামে সুধাংশু বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ স্থানীয় জনতা আটক করে। পরে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার শর্তে স্থানীয়দের উপস্থিতিতে গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কিন্তু দীর্ঘদিন পর একটি মহলের ইন্ধনে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে স্থানীয়দের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার কারণে এখন অনেকে মাদকের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন। তারা দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শী মামুন শেখ বলেন, “সুধাংশু বিশ্বাসের সঙ্গে কাজ করতাম। ৮ মাস আগে বিল মাগুরা এলাকায় গেলে স্থানীয় যুবকরা তার ব্যাগসহ তাকে আটক করে। পরে ব্যাগে এক কেজি গাঁজা পাওয়া যায়। স্থানীয় মুরব্বিরা তাকে সতর্ক করে গাঁজা আগুনে পুড়িয়ে ফেলেন।”
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গরিব হওয়ায় তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
অভিযুক্ত সুধাংশু বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে জামালপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে আটকে রেখে দেড় লাখ টাকা নেওয়া হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। আমি বিচার চাই।”
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, “এ ধরনের একটি বিষয় নিয়ে স্থানীয় বিএনপি নেতারা শালিস করেছেন বলে শুনেছি।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com