এম কে হাসান
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার রামু উপজেলার আতঙ্কের রুট হিসেবে পরিচিত ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহৃত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুস্তম আলী (৪১) ১৬ ঘণ্টা পর ফিরে এসেছেন। তবে তার ফিরে আসা নিয়ে পুলিশ ও স্বজনদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিবারের দাবি, ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, সাঁড়াশি অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। এর আগে ভোরে ঈদগাঁও থেকে বাড়ি ফেরার পথে তিনি অপহৃত হয়েছিলেন।
পরিবারের বক্তব্য:- অপহৃত ইউপি সদস্যের চাচা করিম মৌলভী সাংবাদিকদের জানান, অপহরণের পর থেকেই সন্ত্রাসীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। দিনভর দেন দরবার শেষে ৮ লাখ টাকায় রফাদফা হয়। তিনি নিজে রাতে জোয়ারিয়ানালার স্বপ্নতরী এলাকার গভীর পাহাড়ি বনে গিয়ে অপহরণকারীদের হাতে নগদ ৮ লাখ টাকা বুঝিয়ে দেন। এরপরই তারা আমার ভাইপো রুস্তম আলীকে মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঈদগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য:- রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকেই পুলিশের একাধিক দল গহীন পাহাড়ে অভিযান শুরু করে। পুলিশের এই নিরবচ্ছিন্ন চাপের মুখে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিতর্কিত অতীত:- পুলিশের একটি সূত্র জানিয়েছে, অপহৃত এমইউপি রুস্তম আলীর বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, চুরি ও মারামারি সহ বিভিন্ন অভিযোগে অন্তত চারটি মামলা রয়েছে। অপহরণের পেছনে অপরাধ জগতের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জনমনে আতঙ্ক:- ঈদগাঁও-ঈদগড় সড়কটি দীর্ঘ দিন ধরে ডাকাতি ও অপহরণের জন্য স্থানীয়দের কাছে মৃত্যুফাঁদ হিসেবে পরিচিতি লাভ করেছে। ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা আয়াছ উদ্দিন বলেন, দিনের আলোতে একজন জনপ্রতিনিধি অপহরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মাঝে মধ্যে পুলিশের অভিযান চললেও স্থায়ী সমাধানের জন্য পাহাড়ে সমন্বিত সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com