উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ করতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ফল বাগান, পুষ্টি, ধান, তেলজাতীয় ফসল ও সবজি চাষকে ভিত্তি করে ২৫ জন কৃষক নিয়ে সমিতি গঠন করা হচ্ছে। এসব সমিতির সদস্যদের কৃষিবিষয়ক আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে আরও ২৫ জন করে সদস্য বৃদ্ধি করে কৃষক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
কৃষকরা মাঠ স্কুল থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে বিনিময় করেন। আলোচনায় ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা বিশেষভাবে উঠে আসে। বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের খোরপোষনির্ভর কৃষিকে টেকসই ও লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা এখন সময়ের দাবি। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার পাপন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লা অং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমাসহ পিএফএস ও নন-পিএফএসভুক্ত কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com