সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান
রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা, ভুয়া নাগরিক ও ওয়ারিশ সনদ প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপসচিব জিয়াউর রহমান।
সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকের হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ চলাকালে অভিযুক্তরা রোহিঙ্গাদের জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ওয়ারিশ সনদ প্রদান, জাতীয়তা ও পরিচয়সংক্রান্ত অসঙ্গতিপূর্ণ কাগজপত্র সংগ্রহে সহযোগিতা, অর্থের বিনিময়ে ভোটার তালিকাভুক্তিতে সহায়তা এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারা অনুযায়ী তাদের নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগটির মতে, অভিযুক্তদের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের দায়িত্ব, মর্যাদা ও জনস্বার্থের পরিপন্থী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।


