ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লামা বর্ণমালা লিখতে না পারায় মারধর, অজ্ঞান হলো শিশু

    admin
    April 1, 2026 10:49 pm
    Link Copied!

    বান্দরবান প্রতিনিধি,

    বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বোচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
    বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
    স্থানীয় সূত্র ও সহপাঠীদের অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালে শিক্ষার্থী রেশমি ত্রিপুরাকে ব্ল্যাকবোর্ডে ইংরেজি বর্ণমালা লিখতে বলেন শিক্ষক ফরিদুল আলম। লিখতে না পারায় ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চড় মারেন। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় সিসিটিভি বন্ধ করে তার মুখ চেপে ধরা হয়, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। পরে সহপাঠীরা অজ্ঞান অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেয়।
    ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী দ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির মা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত শিক্ষক কোনো জবাব না দিয়ে অফিস কক্ষে অবস্থান করেন। পরে গ্রামবাসীরা তাকে ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন এবং অপসারণের দাবিও তোলেন।
    কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ছাত্রীর মা রজনী ত্রিপুরা বলেন, আমার মেয়ে বর্ণমালা লিখতে না পারায় তাকে চড় মেরে অজ্ঞান করে ফেলেছে। মারার সময় সিসিটিভিও বন্ধ করে দেওয়া হয়। ছোট বাচ্চাদের এভাবে মারলে তারা কোথায় যাবে? আমরা এমন শিক্ষক চাই না।
    অভিভাবকদের দাবি, ঘটনার সময় শিশুটির বাবা-মা জুম চাষে ব্যস্ত ছিলেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে এসে তাকে নিয়ে বিদ্যালয়ে যান এবং শিক্ষকের কাছে জবাবদিহিতা চান।
    এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
    লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম আশরাফ বলেন, ভুক্তভোগী পরিবার বিষয়টি আমাদের জানিয়েছে। ছোট শিশুকে এভাবে শারীরিক শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিনয় চাকমা জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST