
আরীফ শরিফ (নড়াইল):
নড়াইলের লোহাগড়া উপজেলায় বন্ধুদের সঙ্গে ক্যারম খেলতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরদিন তাজিম মোল্যা (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে হবিবার মৃধার বাড়ির পুকুর পাড় থেকে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত তাজিম মোল্যা উপজেলার চর-আড়িয়ারা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল মোল্যার ছোট ছেলে। সে আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি দোকানে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলতে যায় তাজিম। রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্কুলের পেছনের পুকুর পাড়ে এক কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে স্বজনরা গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহালে তাজিমের পায়ে ও পিঠে জখম চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের তিন বন্ধু—ইব্রাহিম, শিপন ও ইনজামুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোক। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাজিমকে। তারা হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে কিশোর তাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহালে আমরা কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। ঘটনাটির বিষয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com