
আরীফ শরিফ (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে প্রতিপক্ষের হামলায় পটু শেখ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও স্বজনেরা জানান, পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্রসহ তার ঘরে ঢুকে টেনে-হিঁচড়ে বাইরে এনে তাকে মারধর করে। এতে তার দুই হাত ও পা ভেঙে যায় বলে পরিবারের দাবি। হামলা ঠেকাতে গিয়ে পটুর স্ত্রীও আহত হন।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
গ্রামটিতে দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসীর দাবি। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিতকুমার রায় জানান, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”
ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com