
পারভেজ হাসান, বেরোবি প্রতিবেদক
ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ বেরোবি ও রংপুর। আজ সোমবার বেলা ১২টা থেকে রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে এই অবস্থান কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এসময় ভারতীয় আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগানে (দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, গোলামী না আজাদী, আজাদী-আজাদী, তুমি কে আমি কে, হাদি-হাদি) মুখরিত হয়ে উঠে শহীদ আবু সাঈদ চত্ত্বর।
এসময় বেরোবি শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমান বলেন, "হাদি হত্যার ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করা হয়নি কিংবা বিচারের ব্যাপারে কোনো বার্তা দেয়া হয়নি। আমাদের দাবি স্পষ্ট, অনতিবিলম্বে শহীদ হাদি হত্যার আসামিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা চাই হাদি যে নতুন ইনসাফ ও রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করেছিল আমরা সেটির বাস্তবায়ন চাই।"
জাতীয় ছাত্রশক্তি, রংপুর মহানগর শাখার সদস্য সচিব হাজীমুল হক বলেন, "ওসমান হাদী ভাই গত ১৮ ডিসেম্বর শহীদ হলেও এখন পর্যন্ত আমরা তার বিচারের ব্যাপারে ইন্টারিমের কোনো অগ্রগতি দেখছি না। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই, ইন্টেরিমকে হাদি হত্যার বিচার করতেই হবে"
তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন হাদি হত্যার বিচারের চেয়েও পিঁয়াজ এবং রসুনের মূল্য নিয়ে মাথাব্যথা বেশি। দেশে এসব হত্যার অস্ত্র কিভাবে আসছে সে বিষয়ে তার কোন মাথা ব্যথা নেই। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ চাই এবং সেই সাথে দেশের সকল মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"
তারা অবিলম্বে তদন্ত জোরদার, আসামিদের গ্রেপ্তার এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com