
মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলায় এবার ৫১৯টি পূজামণ্ডপে আয়োজন করা হচ্ছে দুর্গোৎসব। গতবারের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৫২টি।
শরতের নীল আকাশ, সাদা মেঘ আর নদীর তীরে কাশফুল—সব মিলিয়ে প্রকৃতি এখন উৎসবমুখর। দেবী দুর্গা এবার গজে চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। এরই মধ্যে জেলার প্রতিটি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। খড়, কাঠ ও মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলোতে রঙ তুলি দিয়ে চূড়ান্ত রূপ দিচ্ছেন শিল্পীরা। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও ব্যস্ত সময় পার করছেন এ কাজে।
গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।
নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, “আমরা প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। আশা করি, সবার সহযোগিতায় নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে।”
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অনলাইনে মনিটরিংয়ের পাশাপাশি আনসার, পুলিশ, ডিবি ও ডিএসবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সভা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com