মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশজুড়ে শিশুদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে বড় ধরনের সামাজিক আন্দোলনে নামছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড সিটিজেন্স ফোরাম’। ‘সুরক্ষিত শৈশব’ শিরোনামের এই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচিটি মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। এর অংশ হিসেবে বর্তমানে সংগঠনটির মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি বিশেষ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আয়োজকেরা জানান, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত এই ক্যাম্পেইনে শিশুদের অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ‘গুড টাচ ও ব্যাড টাচ’সহ বিভিন্ন সংবেদনশীল ও জরুরি বিষয়ে সচেতন করে তোলা হবে।
এ প্রসঙ্গে ইউনাইটেড সিটিজেন্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহা. মীযানুর রহমান আদীব বলেন, "একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণের প্রধান শর্তই হলো শিশুদের জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করা। এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মাঠপর্যায়ে মূল কর্মসূচি শুরুর আগে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে প্রস্তুত করছি, যেন তারা শিশুদের মনস্তত্ত্ব ও সংবেদনশীলতা বজায় রেখে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারে।" তিনি আরও উল্লেখ করেন, এটি কেবল সাময়িক কোনো কর্মসূচি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন।
শিশুদের জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি সমাজের সকল স্তরের মানুষ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবকদের এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনের মাঠপর্যায়ের মূল কার্যক্রম শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com