
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সোনার মোড় এলাকায় প্রধান সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে মাছের আড়ত ও কাঁচাবাজারের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের দাবি, দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দুটি দুর্ঘটনা ঘটলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বংশীপুর সোনার মোড়ের মাছের আড়ত ও কাঁচাবাজারের কিছু ব্যবসায়ী সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শ্যামনগর বাংলাদেশের আয়তনে বৃহত্তম উপজেলা। দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সুন্দরবনে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে দেশি-বিদেশি পর্যটক, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন।
অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল ও বিপরীত দিক থেকে আসা গাড়ি অতিক্রমের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন।
এলাকার সচেতন মহলের মতে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কে অবৈধ দখলদারত্বের বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাঁদের দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, বাজারের ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। যাতে পর্যটকসহ সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com