বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার দলীয় সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করেছে দল। সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাগুরা জেলা জামায়াতের শুরা বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এমবি বাকেরকে আমিরের পদ থেকে সরিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এমবি বাকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তবে সংগঠনের নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু খাত থেকে আর্থিক উপার্জনের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত আমির আবু সাইদ আহমেদ বাচ্চু বলেন, “জামায়াতে ইসলামী একটি সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় জনসম্মুখে প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com