মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :--
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সিনিয়র সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা যায়, আজ ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন সিএমএম (CMM) কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে দায়িত্ব পালনকালে সাংবাদিক নার্গিস জুঁই অজ্ঞাতনামা এক ব্যক্তির শারীরিক হামলার শিকার হন।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন সংবাদকর্মীর ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি হুমকি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা বিদ্যমান থাকায় হামলাকারীকে দ্রুত শনাক্ত করা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা চর্চার স্বার্থে এ ঘটনার দ্রুত বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com