
শেখ সাদিক হোসেন :
সাতক্ষীরায় দুই যুবকের বিরুদ্ধে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাকিবুল ইসলাম সেতু (২৮) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুলতানপুর (পালপাড়া) এলাকার বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম সেতু সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে একই এলাকার কাজী ফয়সাল হোসেন (৩০) ও কাজী ফিরোজ হোসেন (২৫)-এর দ্বারা হুমকি ও মারধরের শিকার হওয়ার উপক্রম হন। অভিযুক্ত দু’জনই কাজী শাহামোত হোসেনের পুত্র।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা মাদকাসক্ত ও হিংস্র প্রকৃতির। ঘটনার সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দিলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে হাতে জিআই পাইপ ও হকস্টিক নিয়ে তাকে মারধর করতে উদ্যত হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে খুন ও জখম করার হুমকি দেয়। পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে কাজী রিদয় হোসেনসহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি বিষয়টি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তার স্বার্থে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com