এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
সীমান্তবর্তী জেলা কক্সবাজারে মিয়ানমার থেকে অবৈধ পথে গবাদিপশু চোরাচালানের একটি বড় চালান জব্ধ করেছে পুলিশ। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা একটি চোরাচালান চক্রের ১০টি মিয়ানমারের চোরাই গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
আজ মঙ্গলবার ২৬ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এই সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত চালক সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা আরও দুই চোরাকারবারি অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।
মাঝরাতের পুলিশের ওত পেতে থাকা :- ঈদগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাই পথে একদল গবাদিপশু ঈদগাঁও বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে— এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদ আসে পুলিশের কাছে।
খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহাসড়কের মেহেরঘোনা এলাকায় জরুরি চেকপোস্ট স্থাপন করে ওত পেতে থাকে।
রাত পৌনে ২টার দিকে রামু পানিরছড়া বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে ভোলা-ড-১১-০৪১১ থামার সংকেত দেয় পুলিশ। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই ভেতর থেকে উদ্ধার করা হয় মিয়ানমার থেকে অবৈধ উপায়ে আনা ১০টি গরু। এ সময় চালক সিরাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও ট্রাকে থাকা অপর দুই সহযোগী লাফিয়ে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়।
চোরাচালানের স্বীকারোক্ত :- পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চালক সিরাজুল ইসলাম স্বীকার করেছেন যে, কোনো প্রকার বৈধ কাগজপত্র বা শুল্ক পরিশোধ ছাড়াই মিয়ানমার সীমান্ত থেকে চোরাই পথে এই গরুগুলো বাংলাদেশে আনা হয়েছে। আসন্ন ঈদুল আজহার বাজারকে টার্গেট করে এগুলো বিক্রির উদ্দেশ্যে ঈদগাঁও বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
কঠোর অবস্থানে পুলিশ :- অভিযানের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন:- গ্রেপ্তারকৃত চালক এবং পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপর দুই আসামির বিরুদ্ধে থানায় চোরাচালান বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে।"
তিনি আরও স্পষ্ট করে জানান, সীমান্ত গলিয়ে অবৈধ উপায়ে গবাদিপশু বা যেকোনো ধরনের চোরাচালান রোধে ঈদগাঁও থানা পুলিশ মহাসড়কসহ পুরো এলাকায় সর্বদা সর্বোচ্চ সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে।
সীমান্তের এই চোরাচালান সিন্ডিকেটের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com