মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :–
নোয়াখালীর সেনবাগে পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ৬ষ্ঠ বারের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রবাসী কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।
সংস্থার নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থানরত সেনবাগের প্রবাসীদের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


