মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী :--
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির প্রজেক্ট ‘বিনির্মান’-এর আওতায় আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল— “সচেতনতায় দূর হবে সামাজিক ব্যাধি (মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং), বই পড়ায় সমৃদ্ধ হবে তারুণ্যের শক্তি।”
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের কুফল, নৈতিক মূল্যবোধের গুরুত্ব এবং বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সেনবাগ পাঠাগারের সাধারণ সম্পাদক হায়দার হাসান এবং নারী বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার সামি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে আলোচ্য বিষয়ের ওপর তাৎক্ষণিক মৌখিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন— মায়মুনা তাবাসসুম (১০ম শ্রেণি), সানজিদা ইসলাম (১০ম শ্রেণি) এবং মেহের নেগার (৮ম শ্রেণি)।
এ সময় সেনবাগ পাঠাগারের কার্যনির্বাহী সদস্য সালমান ইউসুফ, তামিমুল ইসলাম, আশিকুল ইসলাম, সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক ব্যাধি সম্পর্কে আরও সচেতন করে তুলবে এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি নন-একাডেমিক বই পাঠে আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে মানবিক, জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সেনবাগ পাঠাগারের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com