
সিরাজুল ইসলাম, কক্সবাজার থেকে
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় জমায় হাজারো পর্যটক। কিন্তু আনন্দঘন মুহূর্তের সঙ্গে নারীদের জন্য যুক্ত হচ্ছে ভয়ের ছায়া। যৌন হয়রানি, প্রতারণা, গোপন ভিডিও ধারণ, সাইবার ব্ল্যাকমেইল এমনকি ধর্ষণের ঘটনাও এখানে নতুন নয়। এ নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বারবার সংবাদ প্রকাশ হলেও সমাধান হয়নি সমস্যা।
এই প্রেক্ষাপটে নারী সাংবাদিক, লেখক ও সাহিত্যিকদের সংগঠন “আওয়াজ” জেলা প্রশাসকের কাছে নিরাপদ সৈকতের দাবি জানিয়েছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় সংগঠনটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব তুলে ধরে।
সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে নারী পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল।
প্রতিটি স্থানে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক মনিটরিং।
যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি ও দ্রুত বিচার বাস্তবায়ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গোপন ভিডিওকে সাইবার ক্রাইম আইনে এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
শহরের জনবহুল স্থানে প্রচারণা— ব্যানার, সাইনবোর্ড ও বড় স্ক্রিনে আইন ও শাস্তির তথ্য প্রচার।
সৈকতের সব ফটোগ্রাফারদের নজরদারির আওতায় আনা।
নারী বান্ধব কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন এবং দালাল-প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “নারীদের নিরাপত্তা নিয়ে ‘আওয়াজ’-এর প্রস্তাবগুলো গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। পর্যটকদের সুরক্ষা নিশ্চিতে শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে
“আওয়াজ” সভাপতি আইরিন আকতার বলেন, “দীর্ঘদিন ধরে সৈকতে নারীরা হয়রানির শিকার হচ্ছে। অনেকে প্রতারণা ও গোপন ভিডিও ধারণের কারণে ভ্রমণ ভীতিকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। পর্যটনের সম্ভাবনাময় এ জায়গাটি নারীদের জন্য নিরাপদ করতে না পারলে কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন হবে।”
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার সুমি, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়া আলম শেখলা, ম্যাগাজিন সম্পাদক মাহিয়া রহমান, সদস্য শারজিনা আক্তার ও আসমাউল হুসনা
স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক বছরে সৈকত এলাকায় নারীদের হয়রানি ও প্রতারণার অন্তত ৩০টির বেশি অভিযোগ স্থানীয় থানায় নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। বেশিরভাগ ভুক্তভোগী পরিবার সামাজিক কারণে মামলা করতে চান না।
একজন ভুক্তভোগী নারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আমার ছোট বোনের সঙ্গে সৈকতে ছবি তুলতে আসা কয়েকজন ফটোগ্রাফার অশোভন আচরণ করে। প্রতিবাদ করায় আমাদের ভয় দেখানো হয়। পরে বিষয়টি চেপে যাই।”
বিশেষজ্ঞদের মতে, পর্যটনশিল্পের সাফল্য নির্ভর করে নিরাপত্তার ওপর। নিরাপত্তাহীন পরিবেশ অব্যাহত থাকলে পরিবার ও নারী পর্যটকরা কক্সবাজারকে এড়িয়ে যাবে। এতে কয়েক হাজার কোটি টাকার পর্যটন ব্যবসা হুমকির মুখে পড়তে পারে।
সৈকতে নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গেও জড়িত। এখন দেখার বিষয়— জেলা প্রশাসনের আশ্বাস বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার নারীবান্ধব পর্যটন গন্তব্যে পরিণত হয়, নাকি প্রস্তাবগুলো আবারও ফাইলবন্দি হয়ে পড়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com